আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছর আসতে এখনো দিন চারেক বাকি। এর আগেই ইউরোপের শহরগুলোতে বোমা বা বন্দুক হামলা হতে পারে। শনিবার এ আশঙ্কা ব্যাক্ত করেছে ভিয়েনা পুলিশ।
অস্ট্রিয়ার পুলিশ শনিবার এক বিবৃতিতে বলেছে, ইউরোপের একাধিক শহরে সম্ভাব্য হামলা চালাতে পারে চিহ্ণিত সন্ত্রাসীরা। তবে কোন কোন শহরে হামলা হতে পারে তারা তা নির্দিষ্ট করে বলতে পারেনি।
‘ফেন্ডলি ইন্টেলিজেন্স সার্ভিস’ নামের এক গোয়েন্দা সংস্থা ভিয়েনা পুলিশকে জানিয়েছে, বড়দিন বা নিউইয়ার উদযাপনকে ঘিরে ইউরোপের শহরগুলোতে বোমা বা বন্দুক হামলা চালাতে পারে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। ২৫ ডিসেম্বর বড়দিনের মাত্র একদিন আগেই এ তথ্য উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থাটি।
এই তথ্য জানার পর অস্ট্রিয়ার জনাকীর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে বাস ও রেলস্টেশনগুলো মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
গত ১৪ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিজ বোমা ও বন্দুক হামলার পর ইউরোপের দেশগুলোতে এমনিতেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ওই হামলায় ১২৭ জন নিহত হয়েছিল।

