অর্থনীতি ডেস্ক : বরাবরের মতো গেল নভেম্বরেও সৌদি আরব থেকে দেশে সর্বোচ্চ রেমিটেন্সে এসেছে; যদিও তা অক্টোবরের চেয়ে কম। নভেম্বরে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে রেমিটেন্স এসেছে ২২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, অক্টোবরে যা ছিল ২৪ কোটি ডলার।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো রেমিটেন্স সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি অর্থবছরের (২০১৫-১৬) নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মধ্যমে প্রবাসী-আয় বা রেমিটেন্স এসেছে মোট ১১৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। এ মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিটেন্স এসেছে ৬৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার; যা আগের মাস অক্টোবরের তুলনায় ১ কোটি ৬ লাখ মার্কিণ ডলার বেশি। আর ইউরোপ-আমেরিকার দেশগুলো থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৪৮ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার; যা অক্টোবরের তুলনায় ৩ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার চেয়ে বেশি।
সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। এ দেশটি থেকে আসা রেমিটেন্সের পরিমাণ ২০ কোটি ২৫ লাখ ডলার। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটি থেকে রেমিটেন্স এসেছে ১৯ কোটি ২২ লাখ ডলার, যা আগের মাসের তুলনায় ১ কোটি ডলার বেশি।
এরপরে রেমিটেন্স বেশি এসেছে যে দেশগুলো থেকে সেগুলোর মধ্যে রয়েছে মালেয়শিয়া, কুয়েত, ওমান, যুক্তরাজ্য।
বর্তমানে ১৫৭টি দেশে ৮৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন।

