অর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩০৩তম শাখা মানিকগঞ্জের সিঙ্গাইরে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি হিসেবে গত রোববার এ শাখা উদ্বোধন করেন।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর জোনপ্রধান মো. কাওসার উল আলম বক্তব্য রাখেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শাহ্জাহান মুন্সি, বালুধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সিঙ্গাইর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আকরাম হোসাইন, সিঙ্গাইর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. নুরুদ্দীন, নারী উদ্যোক্তা লাইলী বেগম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, সমাজসেবক, উলামা ও ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির ভাষণে বলেন, ‘ইসলামী ব্যাংক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকসহ সকল নিয়ন্ত্রণকারী সংস্থার নিয়মাবলী অনুসরণ করে দেশে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের আমদানী-রপ্তানী, গার্মেন্টস শিল্প, রেমিট্যান্স আহরণ ও এসএমই বিনিয়োগে এ ব্যাংকের অবস্থান শীর্ষে।’
কৃষি ও শিল্প-কারখানায় বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সিঙ্গাইর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে তিনি ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন।
মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ বলেন, ‘পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইসলামী ব্যাংক ২০ হাজার গ্রামের ১০ লাখেরও বেশি প্রান্তিক মানুষকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করেছে।’
তিনি বলেন, ‘এ ব্যাংক দেশের বৈদেশিক বাণিজ্যের শতকরা ২৭ ভাগ পরিচালনা করছে।’
ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য শীর্ষক সেমিনার: ইসলামী ব্যাংকের ৩০৩তম সিঙ্গাইর শাখা উদ্বোধন উপলক্ষে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক এক সেমিনার ১৯ ডিসেম্বর শনিবার শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ’র সভাপতিত্বে সেমিনারে ব্যাংকের শরী’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর জোনপ্রধান মো. কাওসার উল আলম। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

