আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চললে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ইদলিবে রোববার বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্দেহ করা হচ্ছে, রাশিয়ার বিমান থেকেই এই হামলা চালানো হয়েছে।
ইদলিবের প্রাণকেন্দ্রের ব্যস্ত বাজার, সরকারি ভবন ও আবাসিক এলাকায় বিমান থেকে ছয়বার হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়ার্টাসের বরাত দিয়ে আল-জাজিরা এখবর নিশ্চিত করেছে। এতে ৪৩ জন নিহতের পাশাপাশি ১৫০ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে ৩০ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
মানবাধিকার সংস্থার উদ্ধার কর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মৃতদেহ রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ সংস্থার প্রধান রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সরকারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই শহরকে লক্ষ্য করে সম্ভবত রাশিয়াই এই হামলা চালিয়েছে। আর হামলায় বেশ কিছু লোক হতাহত হয়েছেন, যার বেশিরভাগই বেসামরিক’ নাগরিক।’

