ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে সহিংসতায় ৬ কোটি মানুষ গৃহহীন

Link Copied!

refugeআন্তর্জাতিক ডেস্ক : এ বছর যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারনে সারা বিশ্বে এ বছর প্রায় ছয় কোটির বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। বিশ্বে কোনো এক বছরে এত বেশি পরিমাণ মানুষ গৃহহীন হওয়ার এটি একটি রেকর্ড।
চলতি বছরের গোড়া থেকেই বিপুল সংখ্যক মানুষ শরণার্থী, আবাসন প্রার্থী অথবা বাস্তুচ্যুত জীবন যাপন করছে। পুরো বছরের হিসাব করলে এ সংখ্যা আরো কয়েক গুণ বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউএনএইচসিআর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর দশ লাখের মতো মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছে। সিরিয়াসহ বিশ্বের অন্যান্য প্রান্তে যুদ্ধ-বিগ্রহের কারণে এ সংখ্যা দিনদিনই বাড়ছে।
গতবছর বিশ্বব্যাপী যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নে ৫ কোটি ৯৫ লাখ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়। এ বছর এরই মধ্যে এ সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে। এর অর্থ বিশ্বে প্রতিদিন প্রতি ১২২ জনে একজন ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন বলে জানায় ইউএনএইচসিআর।
প্রতিবেদনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি আরও জানায়, বিশ্বে প্রতিদিন ৪ হাজার ৬০০ জন মানুষ শরণার্থী জীবন বেছে নিতে বাধ্য হচ্ছেন। ইউএনএইচসিআর’র প্রধান অ্যান্টোনিও গুটেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সময়কে আক্রান্ত করছে এই অনিচ্ছাকৃত বাস্তুচ্যুতির ঘটনাটি।’
তিনি আরো জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন ৫০ লাখ মানুষ। এদের ৪২ লাখ নিজেদের দেশেই রয়ে গেছেন। বাকি ৮ লাখ ৩৯ হাজার সীমান্ত অতিক্রম করে শরণার্থী অথবা অভিবাসন প্রত্যাশীর জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের জুন মাস নাগাদ দুই কোটির কিছু বেশি মানুষ বিশ্বব্যাপী শরণার্থী জীবনযাপন করছিলেন। ২০১১ সালের একই সময়ের তুলনায় এ হার ৪৫ শতাংশ বেশি।
প্রতিবেদনে ইউরোপে শরণার্থী সংকটের বিষয়টিও তুলে ধরা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই এতো বড় শরণার্থী সঙ্কট মোকাবেলা করতে হচ্ছে ইউরোপকে। এখন পর্যন্ত শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে বিশ্বে সবার শীর্ষে রয়েছে জার্মানি। এ বছর জুন মাস পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার মানুষকে আশ্রয় দিয়েছে দেশটি, যা ২০১৪ সালের পুরো বছরের প্রায় সমান। এরপরই সংকট আরও প্রকট আকার ধারণ করে। উদ্ভূত পরিস্থিতিতে জার্মানি চলতি বছরের শেষ নাগাদ দশ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়।
জার্মানির পরই আশ্রয়স্থল হিসেবে শরণার্থীদের কাছে রাশিয়া দ্বিতীয় দেশে পরিণত হয়েছে। চলতি বছরের প্রথম দিকে দেশটিতে প্রবেশ করতে এক লাখ মানুষ আবেদন করে। এদের সিংহভাগ ইউক্রেনে চলমান সংঘাতের কারণে বাস্তুচ্যুত।
এছাড়া আন্তঃবাস্তুচ্যুত জনগোষ্ঠীর (আইডিপি) সংখ্যা এবার বিশ লাখ থেকে বেড়ে তিন কোটি চল্লিশ লাখে গিয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেই চলতি বছরের প্রথমার্ধে ৯ লাখ ৩৩ হাজার ৫০০ নতুন আইডিপি’র সৃষ্টি হয়েছে। ইউক্রেন সংঘাতে সৃষ্টি হয়েছে ৫ লাখ ৫৯ হাজার। আর কঙ্গোতে এ সংখ্যা ৫ লাখ ৫৮ হাজার।