ঢাকাSunday , 20 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদ্র উদ্যোক্তাদের দিকে ব্যাংকও তাকায় না

Link Copied!

Muhitঅর্থনৈতিক প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের দেখি না। সবসময় বড় ব্যবসায়ীদের সম্মান করে আসছি। কিন্তু প্রথমে সবাই ছোট উদ্যোক্তা থেকে বড় ব্যবসায়ী হয়। ক্ষুদ্র বলে ব্যাংকও তাদের দিকে তাকায় না। তাই প্রথমে ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো উচিৎ।’
রোববার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের দেশের তুলনামূলক গ্রোথ রেট ভালো। ১৯৮৮ সাল থেকে আমাদের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। তবে এটা গত ১৫ বছর যাবৎ ৬ দশমিক ৩ শতাংশের মধ্যে রয়েছে। যা ইতিবাচক। যার অবদান আপনারা (ক্ষুদ্র উদ্যোক্তারা)। তবে এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এ জন্য আমাদের উদ্যোগ আরো শক্তিশালী করতে হবে। শিল্পায়নেও আমরা আগের চেয়ে অনেক এগিয়েছি।’
তিনি বলেন, ‘ক্ষমতা পরিবর্তনে দেশের অর্থনীতিতে কিছুটা ধাক্কা লাগে। ক্ষমতা পরিবর্তনের দুই-তিন বছরের মধ্যে অর্থনীতি এক জায়গায় থাকে। আর নতুন সরকার ক্ষমতায় এলে আগের সরকারের অনেক কিছুই পরিবর্তন করা হয়ে থাকে।’
এর আগে কর্মদক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র তৈরি করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূর করায় সারাদেশের ১৪ উদ্যোক্তা ‘সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক-২০১৪’ পেয়েছেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এ সম্মাননা পদক প্রদান করে। সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শ্রেণিতে আইবিএফবি’র সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক পেয়েছেন বাগেরহাটের নূরজাহান এগ্রো-প্রসেসিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর আল আমীন।
কৃষি উপকরণ ও কৃষি প্রযুক্তি শ্রেণিতে সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক পেয়েছেন চার উদ্যোক্তা। তারা হলেন- সাতক্ষীরার মেসার্স রনি এগ্রো ইঞ্জিনিয়ারিং এর স্বত্ত্বাধিকারী জি এম নুর ইসলাম রনি, জয়পুরহাটের পাঁচবিবির মেসার্স আব্দুল হাকিম মন্ডলের স্বত্ত্বাধিকারী আব্দুল হাকিম মন্ডল, যশোরের অভয়নগরের সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. ফাইজুর রহমান এবং নওগাঁর নিয়ামতপুরের মের্সাস রেজাউল হাসানের স্বত্ত্বাধিকারী মো. রেজাউল হাসান।
হস্ত ও শিল্প শ্রেণিতে পদক পেয়েছেন তিন উদ্যোক্তা। তারা হলেন- যশোরের রঙ হ্যান্ডিক্রাফটসের স্বত্ত্বাধিকারী তনুজা রহমান, নওগাঁর সানন্দা বুটিক হাউসের স্বত্ত্বাধিকারী লিপি সাহা এবং নওগাঁর প্রভাতি বুটিক অ্যান্ড ফ্যাশন হাউসের স্বত্ত্বাধিকারী পারভীন আকতার।
মৎস ও প্রাণি সম্পদ শ্রেণিতে পদক পেয়েছে তিন উদ্যোক্তা। তারা হলেন- খুলনার পাইকাগাছার সবুজ মৎস্য খামারের স্বত্ত্বাধিকারী মো. ফসিয়ার রহমান, যশোরের চাচড়ার মেসার্স জান্নাতনেত্রী মা ফাতিমা ফিস হ্যাচারির স্বত্ত্বাধিকারী মো. মোস্তাফা খাঁন ফিরোজ এবং সিলেটের বিশ্বনাথের ড্রিম এগ্রোর স্বত্ত্বাধিকারী বেলাল আহমদ ইমরান।
হালকা প্রকৌশল শিল্প শ্রেণিতে পদক পেয়েছেন দুই উদ্যোক্তা। তারা হলেন- যশোরের মেসার্স রিপন মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্ত্বাধিকারী মো. আশরাফুল ইসলাম এবং রংপুরের গঙ্গাচড়ার মেরিন কেমিক্যাল কোম্পানির স্বত্ত্বাধিকারী মো. শাহেদুল ইসলাম।
এছাড়া নার্সারি উন্নয়ন শ্রেণিতে সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক পেয়েছেন সিলেটের বিশ্বনাথের বাগান বাড়ি নার্সারির স্বত্ত্বাধিকারী আকবর হোসেন কিসমত।
অনুষ্ঠানে সাতক্ষীরার মেসার্স রনি এগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্ত্বাধিকারী জি এম নুর ইসলাম রনি বলেন, ‘নিজস্ব মেধা দিয়ে স্বযংক্রিয়ভাবে ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন তৈরি করি। পরে ২০০০ সালে সাতক্ষীরা বিসিকে স্বল্প পরিসরে কারখানা স্থাপনের মাধ্যমে ব্যবসার পরিসর বৃদ্ধি পেতে থাকে। গত ৫ বছরে প্রায় ২০০ লোকের কর্মসংস্থান হয়েছে এখানে। আরো ৬০০ জনের কর্মসংস্থান তৈরি প্রক্রিয়ায় রয়েছে।’
তিনি বলেন, ‘এই পুরস্কারের মাধ্যমে আমি আমার শ্রমের স্বীকৃতি পেলাম। পাশিপাশি আজকের অনুপ্রেরণা আমার কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ, আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান, আইবিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মো. ওমর সাফায়াত কাওসার উপস্থিত ছিলেন।