নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌর নির্বাচনে সারাদেশের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, ফলে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা অনুভব করছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। সারাদেশের নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বেলা ১১টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনে নিয়োজিত মাঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সিইসি নিজে সাংবাদিকদের এ তথ্য দেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনে নিয়োজিত মাঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যে পরিস্থিতি শুনলাম, তাতে এখনো সেনা মোতায়েনের কোনো চিন্তা-ভাবনা নেই।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনেরর পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে। কোথাও কোনো উদ্বেগজনক পরিস্থিতি নেই। সব প্রার্থীই নির্বাচনী আচরণবিধি মেনে চলছে। সারাদেশে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অব অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ড, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সব বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিইসি, চার নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনওয়াজ এবং ইসি সচিব মো. সিরাজুল ইসলাম ভোট পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত নেন।
ঘোষিত তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ। এতে ১৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে মেয়র পদে মোট ৯২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ৩ হাজার ৫৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার প্রায় ৭২ লাখ। ভোটগ্রহণে নিয়োজিত থাকবেন মোট ৬১ হাজার ১৪৩ জন কর্মকর্তা।

