আন্তর্জাতিক ডেস্ক : কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। চার দিন ধরে চলা ওই অব্যাহত অভিযানে কমপক্ষে ৫৪ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে এএফপি জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়ার বরাত দিয়ে শুক্রবার এএফপি জানিয়েছে, কুর্দি অধ্যুষিত দুটি শহরে বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে চালানো ওই অভিযানে ৫৪ জন সন্ত্রাসী প্রাণ হারিয়েছে।
কুর্দিদের বিরুদ্ধে ওই অভিযান শুরু হয়েছিল গত মঙ্গলবার থেকে। প্রথম দুই দিনের অভিযানে প্রাণ হারায় ২৫ জন জঙ্গি। কিন্তু পরে প্রকাশিত খবরে নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণেরও বেশি অর্থাৎ ৫৪ জনে দাঁড়িয়েছে। শহর দুটিতে বৃহস্পতিবারও দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
কুর্দি অধ্যুষিত সিরনাক প্রদেশের সিজরে ও সিলোপে শহর দুটিতে গত চার দিন ধরে অভিযান চালাচ্ছে তুর্কি নিরাপত্তা বাহিনী। শুক্রবার চতুর্থ দিনের অভিযানে ১০ হাজারের মত সেনা অংশ নিয়েছিল। অভিযানের স্বার্থে সিরনাক প্রদেশে কড়া কারফিউ বলবৎ করা হয়েছে।
অভিযানের পক্ষে সাফাই গেয়ে সরকার বলেছে, শহর দুটিতে জঙ্গি তৎপরতা মোকাবেলা করতেই তাদের এ পদক্ষেপ নিতে হয়েছে। তবে সরকারের এ বক্তব্য নাকচ করে দিয়েছে কুর্দি আন্দোলনকারীরা।

