আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বসহ খোদ যুক্তরাষ্ট্র যেখানে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ধর্মান্ধ বক্তব্যের নিন্দা করেছেন সেখানে রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন গাইলেন অন্য সুর। বৃহস্পতিবার পুতিন খুব পরিষ্কারভাবেই বলেছেন যে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে একমাত্র ডোনাল্ড ট্রাম্পেরই।
বার্ষিক সংবাদ সম্মেলনের শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় পুতিন রিপাবলিকান দলের এক নম্বর প্রার্থী ট্রাম্পকে আখ্যায়িত করেন, ‘প্রেসিডেন্ট পদের দৌড়ে একমাত্র যোগ্য নেতা’ হিসেবে।
মজার বিষয় হচ্ছে, সংবাদ সম্মেলন চলাকালে পুতিন আগামী মার্কিন নির্বাচন নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি, অথচ ঠিক মঞ্চ থেকে নামার সময় মার্কিন এই ধনাঢ্য ব্যবসায়ী, টেলিভিশন তারকা ও রাজনীতিকের ব্যপারে একটু বেশি প্রশংসা করে ফেললেন।
টিএএসএস সংবাদ সংস্থার তথ্যমতে পুতিন বলেছেন, ‘ট্রাম্প নিঃসন্দেহে একজন বুদ্ধিমান এবং প্রতিভাবান মানুষ’। এদিকে গত অক্টোবর মাসে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি এবং পুতিন ভিন্ন ধরনের মানুষ’, আবার একইসাথে এটাও যোগ করেছিলেন যে, ‘তবু পুতনের সাথে আমার ভালো মতই জমবে। পুতিন বারাক ওবামাকে পছন্দও করেন না, শ্রদ্ধাও করেন না কিন্তু আমার ক্ষেত্রে এই জাতীয় সমস্যা হবে না।’
পুতিন ট্রাম্পের এই মনোভাব জানেন এবং আশা করেন তাদের সম্পর্ক আরো গাঢ় হবে। তিনি বলেছেন, ‘এটাকে স্বাগত না জানিয়ে আমরা আর কি করতে পারি? অবশ্যই আমরা স্বাগত জানাই।’

