অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দেশ আজ সত্যিকার অর্থেই এগিয়ে চলেছে। সারা বিশ্বের বর্তমান গড় প্রবৃদ্ধি যেখানে ৩ দশমিক সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬ এর উপরে, তিনি আগামীতে এ প্রবৃদ্ধির হার ৭ এর কোঠায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।
গতকাল শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ফাউন্ডেশনের অতিথি বিশ্রামাগার উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর এ আহবান জানান।
তিনি বলেন, খোঁজ নিয়ে দেখুন, দেশ সত্যিকার অর্থেই এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে গত ৬ বছরে দেশের আর্থিক খাতের শৃংখলা ফিরে এসেছে। দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের যুব সমাজকে সবার আগে এগিয়ে আসতে সকলের প্রতি আহবান জানান।
এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার শাহ জালাল, বিজিবি সেক্টর কমান্ডার লে. কর্নেল তারিকুল ইসলাম খাঁন,বন্য প্রাণী ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব, পরিচালক সজল দেব, বিভাগীয় বন কর্মকর্তা, মিহির কান্তি দত্ত, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল হুদা, জেরিন চা বাগানের ব্যাবস্থাপক সেলিম রেজা চৌধুরী, অনিতা দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক গভর্নর বন্যপ্রাণীদের আশ্রয় ও তাদের সন্তানের মত লালন পালন করার বিরল দৃষ্টান্ত তুলে ধরে বন্যপ্রাণী প্রেমিক সীতেশ রঞ্জনের প্রশংসা করেন। তিনি এ থেকে শিক্ষা নিয়ে সবাইকে বন্যপ্রাণীদের ভালবাসা ও সেবা করার আহবান জানান। ড. আতিউর রহমান বন্যপ্রাণী ফাউন্ডেশনে তার সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


