অর্থনৈতিক প্রতিবেদক : ‘সীমান্ত ব্যাংক’ নামে বেসরকারি ব্যাংকের তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন আরো একটি ব্যাংক। আগামীকাল শুক্রবার সিলেটের হবিগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ব্যাংকের ৩৩৬তম বোর্ড মিটিংয়ে অনুমোদন পেতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এ ‘সীমান্ত ব্যাংক’। বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট্রের সহযোগিতায় পরিচালিত হবে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, সব কাজ শেষে চুড়ান্ত অনুমোদনের জন্য শুক্রবার বোর্ড মিটিংয়ে তোলা হচ্ছে ‘সীমান্ত ব্যাংক’র বিষয়টি। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় সেনাবাহিনীর ‘ট্রাস্ট ব্যাংক’র মতই বিজিবির এ ব্যাংক পরিচালিত হবে। ‘সীমান্ত ব্যাংক’ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিবারের কল্যাণে কাজ করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলামেইলকে বলেন, ‘একটি ব্যাংকের অনুমোদনের জন্য যে সব কাজ প্রয়োজন তার সবই শেষ হয়েছে। ফাইনালি শুক্রবার এটি বোর্ড মিটিংয়ে ওঠছে অনুমোদনের জন্য। এ মিটিংয়েই এটি অনুমোদন দেয়ার কথা রয়েছে।’
উল্লেখ্য, প্রাথমিকভাবে ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। এর মধ্যে ১০০ কোটি টাকা বিজিবির কল্যাণ ফান্ড থেকে দেয়া হবে। বাকি ৩০০ কোটি টাকা সহজ শর্তে সরকারি ঋণ গ্রহণের ব্যাপারে অর্থবিভাগ সম্মতি দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাংক প্রতিষ্ঠার জন্য নীতিগত অনুমোদন দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক তাদের আইনে লাইসেন্স ও অনুমতি দেয়ার কার্যক্রম শুরু করেছে। রাজধানীর ধানমন্ডি ঝিগাতলা সীমান্ত স্কয়ারের নতুন ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয় হবে।
‘সীমান্ত ব্যাংক’র লভ্যাংশের পুরো অর্থ ব্যয় করা হবে কর্মরত ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ দুঃস্থ মুক্তিযোদ্ধা, বিজিবি সদস্য ও তাদের পরিবারের বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রমে। ব্যাংক থেকে পাওয়া যাবে সহজ শর্তে ঋণ। থাকবে পেনশন স্কিম, গৃহ নির্মাণ ঋণ, দুরারোগ্য রোগিদের জন্য দেশি ও বৈদেশিক চিকিৎসা সহায়তা। এ ছাড়া বিবাহঋণ, কৃষিঋণ, একটি বাড়ি একটি খামার প্রকল্পঋণ কার্যক্রমেও ব্যাংক থেকে সহায়তা দেয়া হবে। ব্যাংকটি শুধু বাণিজ্যিক লভাংশের জন্য পরিচালিত হবে না। বরং এটি সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারাবদ্ধ কল্যাণমুখী একটি আধুনিক ব্যাংক হিসেবে পরিচালিত হবে। ঋণের ক্ষেত্রেও তারা বিশেষ সুবিধা পাবে। ব্যাংকে চাকরির ক্ষেত্রে বিজিবির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন।

