নিজস্ব প্রতিবেদক : আবাসিক এলাকায় গ্যাস সংযোগ বন্ধের মৌখিক নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এমন দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সমিতির সভাপতি জাকির খান বলেন, ‘এ বছরের শেষ দিকে আকস্মিকভাবে পাইপের সঙ্কটের কথা বলে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তিতাস গ্যাসের অধীনে প্রায় ৫০০ ঠিকাদার আছেন যারা সংযোগ পেতে আগ্রহী গ্রাহকদের কাছ থেকে পূর্বেই সম্পূর্ণ টাকা জমা নিয়েছেন। কিন্তু মৌখিকভাবে নতুন আবাসিক গ্যাস সংযোগ বন্ধের নির্দেশনা অনুযায়ী কাজ বন্ধ রাখায়, গ্যাস সংযোগ প্রত্যাশীরা আমাদের ওপর চাপ সৃষ্টি করছে।’
দেশে আবাসিকখাতে মাত্র শতকরা ৯ থেকে ১০ ভাগ গ্যাস ব্যবহার করা হয়। তাই নতুন গ্যাস সংযোগ বন্ধ করার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন ঠিকাদার সমিতির এ সভাপতি।
এ সময় সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকে, তবে ২০১০ থেকে ২০১৩ সালে অবৈধ গ্যাস সংযোগের যে হিড়িক পড়েছিল তা আবারো ঘটবে। ফলে সরকারও বিশাল অংকের রাজস্ব হারাবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি সৈয়দ নুরুল ইসলাম ইকবাল, সাধারণ সম্পাদক গাজী ইব্রাহিম মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম পাঠোয়ারী।

