স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ সুপার ক্রিশ্চিয়ানো রোনালদোর সমালোচকরা বরাবরই তার বিরুদ্ধে একটা তীর ছূঁড়েন। রিয়াল মাদ্রিদে খেলা এই তারকার নাকি অনেক গোলই পেনাল্টি থেকে পাওয়া। তাই অনেকে তাকে রোনালদো না বলে পেনালদো ডাকেন। বিশ্বের সব দেশেই স্ট্রাইকাররা বেশিরভাগ ক্ষেত্রে পেনাল্টি কিক নেন। রোনালদোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাই তো ‘পেনালদো’ উপাধিটা নিজের ব্যাপারে একেবারেই মানতে নারাজ এই রিয়াল তারকা।
রোনালদো মনে করেন তাকে পেনালদো ডাকাটা খুবই অযৌক্তিক। তিনি প্রশ্ন রেখেছেন, রিয়ালের হয়ে তার শত শত গোলের সব কি পেনাল্টি থেকে করা? সবশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিপক্ষে রিয়াল ৮-০ গোলে জয়লাভ করে। যেই ম্যাচে রোনালদো একাই করেছেন চার গোল।
এরপরই তার ব্যাপারে অভিযোগের জবাবটা আসল সিআর সেভেনের পক্ষ থেকে। রাখলেন পাল্ট প্রশ্নও। তিনি বলেছেন, ‘সবার উচিত পরিসংখ্যানটা লক্ষ্য করা। রিয়াল মাদ্রিদের হয়ে আমি কত গোল করেছি। তার সবই কি পেনাল্টি থেকে করা?’
পর্তুগালের ৩০ বছর বয়সী এই ফুটবল তারকা এখন রিয়ালের সর্বকালের সেরা গোলদাতা। কিছুদিন আগেই রাউলকে পেছনে ফেলে নিজেকে নিয়ে গেছেন সবার উপরে। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমানোর পর ৩২০ ম্যাচ থেকে করেছেন ৩৩৪টি গোল।
সামনেও খেলে যাবেন রোনালদো। সমালোচনার জবাব সেখানেও সবাই পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘যতো বেশি পারি গোল করে যাব। এটা ৬০০ থেকে ৭০০ পর্যন্ত যতোদূর যাওয়া যায়। তখনই সবাই মানুষ জানতে পারবে তারা যা বলে তা কতটুকু সঠিক। তবে এখনো ইউটিউবে গেলে আমার সব গোলই যে কেউ দেখতে পারবে।’

