বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানকে টেক্কা দিয়ে চেন্নাইয়ে বন্যাদুর্গতদের সহাযোগিতায় ১০ কোটি রুপি অর্থ দেয়ার ঘোষণা দিলেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা রজনীকান্ত।
ক’দিন আগেই শাহরুখ খান ও ‘দিলওয়ালে’ টিম চেন্নাইয়ে বন্যাদুর্গতের জন্য ১কোটি রুপি জমা দিয়েছেন ত্রান তহবিলে। এছাড়াও বলিউডে ও তামিল, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও ত্রান তহবিলের অর্থায়নে যোগ দিয়েছেন। দক্ষিণী স্টার আল্লু অর্জুন এবং সূর্য প্রত্যেকে ৫০ লাখ করে অর্থ দিয়েছেন। ‘রঙ দে বাসন্তী’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ এবং আরজে বালাজি সেই শুরু থেকেই স্বশরীরে দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছেন। আর এবার মোটা অঙ্কের অর্থ দিয়ে আলোচনায় আসলেন ‘সিবাজি’ খ্যাত সুপারস্টার অভিনেতা রজনীকান্ত।
জানা গেছে, চেন্নাইয়ে তুমুল বৃষ্টিপাতে বন্যায় আক্রান্ত হয়ে শহরের রাস্তা ঘাটসহ বিমান সংযোগ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। অন্তত ৩০০ মানুষ এই ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন। অসংখ্য ঘর বাড়ি ভেসে গেছে এই নির্মম প্রাকৃতিক দুর্যোগের কারণে। চেন্নাইয়ে দুর্গতদের সহায়তায় প্রথম দিকে ১০ লাখ রুপি অর্থ দিয়ে সহায়তা করেছেন সুপারস্টার রজনীকান্ত। আর এবার আরো অন্তত ১০ কোটি রুপি ত্রান তহবিলে জমা দিয়েছেন তিনি।
গতকাল চেন্নাইয়ের মূখ্যমন্ত্রীর কাছে জন তহবিলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এই বিশাল অঙ্কের টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
উল্লেখ্য,গত একমাসের বৃষ্টিতে চেন্নাই প্লাবিত হয়েছে। একটানা ভারি বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরসহ সব ধরণের যানবাহন যোগাযোগও বন্ধ রয়েছে। এ পর্যন্ত প্রবল বন্যার শিকার হয়ে ২৮০ জন প্রাণ হারান। চেন্নাইয়ে এমন প্রাকৃতিক বিপর্যয়ের পর পুরো ভারতের সর্বশ্রেণির মানুষ চেন্নাইয়ে আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। এরমধ্যে বিনোদন জগতের তারকা সবচেয়ে এগিয়ে।

