আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের(আইএস) কাছ থেকে রামাদি শহরটি দখলমুক্ত করতে ইরাকে সামরিক উপদেষ্টা ও হেলিকপ্টার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এ কথা জানিয়েছেন।
গতবছর মে মাসে রাজধানী বাগদাদের পশ্চিম প্রান্তে অবস্থিত রামাদি দখলে নেয় আইএস। ইরাকে এটিই ছিল জিহাদিদের সবচেয়ে বড় বিজয়। দীর্ঘ কয়েক মাস ধরে চেষ্টা করার পরও শহরটি হস্তগত করতে পারেনি ইরাকি বাহিনী।
বুধবার ওয়াশিংটনে ‘সিনেট আর্মড সার্ভিসেস কমিটি’র সঙ্গে কথা বলার সময় কার্টার বলেন,‘ রামাদির পতন নিয়ে ‘দীর্ঘ দিন ধরে হতাশাগ্রস্ত’ ইরাকি নিরাপত্তা বাহিনী। তিনি আরো বলেন, রামাদি থেকে আইএস বাহিনীকে বিতাড়িত করতে পারলে সেটি হবে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির বিরাট অর্জন। তাই রামাদি উদ্ধারে ইরাকি বাহিনীকে সহায়তা করতে সেখানে সামরিক উপদেষ্টা ও হেলিকপ্টার পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী আবাদির অনুরোধেই তারা সেখানে সেনা ও অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আগামী কয়েক সপ্তাহ ধরে রামাদির কেন্দ্রস্থলে কিভাবে সফল অভিযান চালানো যায় তা নিয়ে ইরাকি বাহিনীকে পরামর্শ দেবেন মার্কিন উপদেষ্টারা।
তবে প্রেসিডেন্ট বারাক ওবামা এখনো হেলিকপ্টার পাঠানোর এ প্রস্তাবটি অনুমোদন করেননি বলে হোয়াইট হাউজ জানিয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ অনুরোধ পেলেই তিনি এ বিষয়টি বিবেচনা করবেন।

