ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে

Link Copied!

TIBনিজস্ব প্রতিবেদক : ‘দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবে এখনো দুর্নীতিবিরোধী নানা আইনী কাঠামো ও নীতিমালার বাস্তবায়নে আমরা অনেক পিছিয়ে আছি।’- বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে তিনি এ কথা জানান। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক আলমগীর হোসেন, টিআইবির সদস্য ডা. নুরুল ইসলামসহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, টিআইবি কর্মী, সমমনা সংগঠনের প্রতিনিধি ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের সামনে এখন চ্যালেঞ্জ হলো এসব আইনী কাঠামো, নীতিমালা ও দুর্নীতিবিরোধী কৌশলগুলোর সঠিক বাস্তবায়ন করা। পাশাপাশি আমরা দুর্নীতি দমন কমিশনকেও আরো বেশি সক্রিয় ও কার্যকর ভূমিকায় দেখতে চাই। কারণ এখনো দুর্নীতি দমন কমিশনের কার্যকরতার বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।’
‘৯ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি সরকারিভাবে উদযাপন এখন সময়ের দাবি।’- বলেও যোগ করেন তিনি।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উৎপত্তি:
দুর্নীতিকে বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করে এর নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সক্রিয় এবং কার্যকর কর্মপন্থা নির্ণয়ে জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ গৃহীত হয়। একই বছরের ৯ ডিসেম্বর মেক্সিকোর মেরিডায় অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণকারী ১২৯টি দেশের মধ্যে ৮৭টি দেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষর করে। স্বাক্ষর প্রদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে ও বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করার লক্ষ্যে জনসচেতনতা তৈরিতে জাতিসংঘের পক্ষ থেকে প্রতি বছর ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়া হয়।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে এই সনদের ভূমিকা সম্পর্কে অবহিতকরণ। এ লক্ষ্যে ২০০৪ সাল থেকে টিআইবি’র উদ্যোগে বাংলাদেশে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়ে আসছে।
অপরদিকে ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষর করার পর থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করে আসছে দুদক।