আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতায় তালেবান বিদ্রোহীদের সঙ্গে পুনরায় সংলাপ বিনিময়ে রাজি হয়েছে কাবুল সরকার। দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ইসলামাবাদে একাধিক দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠকে অংশ গ্রহণ শেষে এ কথা জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানি।
বুধবার ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে ফাঁকে একাধিক বৈঠকে মিলিত হন ওই চার দেশের প্রতিনিধিরা। এসময় পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীন আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনিকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সরকার ও তালেবান বিদ্রোহীদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করতেও তারা রাজি হয়েছে।
বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী রাব্বানি বলেছেন,‘আজ বিকেলে আমরা একাধিক দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠক করেছি। আমাদের আলোচনার মূল বিষয় ছিল আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া। আমাদের বন্ধু দেশগুলো এ বিষয়ে আমাদের সহায়তা করতে রাজি হয়েছে। আমরা তালেবানদের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করব।’
আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগের জন্য প্রচেষ্টা জোরদার করতেই ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনের আয়োজন করা হয়। ভারত, পাকিস্তান ও চীনসহ এই সম্মেলনে অংশ নিয়েছে এশিয়ার ১৭টি দেশ। দু’দিনের এই সম্মেলনে ‘ইসলামাবাদ ডিক্লারেশন’ গৃহীত হয়েছে যেখানে আফগান তালিবানের সমস্ত সংগঠনকে শান্তি আলোচনায় আসার আহ্বান জানানো হয়েছে।

