আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের একটি সাবমেরিন ঘাঁটি থেকে মঙ্গলবার প্রথমবারের মত সিরিয়ায় হামলা শুরু করেছে রাশিয়া। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে রাশিয়ার বোমা হামলা অভিযান আরো জোরদার হলো।
রাশিয়া এমন এক সময়ে এ হামলা শুর করল যখন সিরিয়ায় গত কয়েক বছর ধরে চলা সংঘাত বন্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য একটি যুক্তফ্রন্ট গঠনের লক্ষ্যে বুধবার সৌদি আরবের রিয়াদে সিরিয়ার সরকার বিরোধীরা বৈঠকে বসছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোগু জানিয়েছেন, গত তিন দিনে মস্কো সিরিয়ায় বিভিন্ন ধরণের ৩শ’ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এছাড়া তারা গত মাসে তুরস্ক রাশিয়ার যে বিমান ভূপাতিত করেছিল তার ব্ল্যাকবক্স উদ্ধারে সিরিয়ার বিশেষ বাহিনীকে সহায়তা করেছে
সাবমেরিন থেকে সিরিয়ায় রুশ হামলা।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট সের্গেই শোগু বলেন, ‘ভূমধ্যসাগরে অবস্থিত ‘রোস্টভ-অন-ডন’ সাবমেরিন ঘাঁটি থেকে আমরা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি।’ তিনি বলেন, বিমান ও সাবমেরিন থেকে সফলভাবে গোলা নিক্ষেপ করা হয়েছে। এতে সব লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। তিনি আরো বলেন, তেলের অবকাঠামো, গোলাবারুদের মজুদ ও একটি মাইন তৈরির কারখানাও হামলার লক্ষ্যবস্তু ছিল।
গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে পশ্চিমাদের অভিযোগ, আসাদ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই তারা সিরিয়ায় হামলা শুরু করেছে এবং মধ্যপন্থী বিদ্রোহীদের আঘাত করে যাচ্ছে।

