নিজস্ব প্রতিবেদক : মনোনয়ন প্রত্যাহারে আগে দলীয় প্রতীক নিয়ে কোনো প্রচারণা করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কাযালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রচারণা নিয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘বিধিতে বলা আছে- ভোটের ২১ দিন আগে থেকে প্রার্থীরা কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না। সে হিসাবে আজকে থেকে প্রচারণা শুরু হওয়ার কথা। তবে একেইভাবে ওই বিধিতে বলা আছে- কবে প্রতীক বরাদ্দ করা হবে। এরপর প্রতীক নিয়ে প্রচারণা চালাবেন প্রার্থীরা।’
তিনি বলেন, ‘প্রতীক নিয়ে প্রচারণা করতে হলে ১৪ ডিসেম্বর থেকে করতে হবে। এই বিধিতে রাজনৈতিক দলের যেমন নির্বাচন করার সুযোগ আছে, তেমনি স্বতন্ত্র প্রার্থীদের জন্যও নির্বাচন করার সুযোগ আছে। সে হিসাবে সব প্রার্থী প্রতীক নিয়ে প্রচারণা করতে হলে ১৪ তারিখ থেকে করতে পারবে।’

