নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে রেকর্ড সংখ্যক ৪৮ জন শিক্ষার্থী। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে আসন প্রতি লড়েছিল ৪৪ জন। এ বছর বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে মোট ৫০০ আসনের বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ৪৭ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। ভর্তি কমিটির সূত্র এসব তথ্য নিশ্চিত করে।
এ বছর বিশ্ববিদ্যালয়সহ মোট ১০ কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণজ্ঞান, ইংরেজি এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়গুলোর ওপর এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর আটগুণ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ নম্বর লিখিত পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে যোগ করে মোট ২০০ নম্বরের ওপর মেধাতালিকা প্রস্তুত করা হবে।
ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।

