বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় থাকা ‘ভোলা তো যায় না তারে’ ছবিতে কাজ করতে গিয়েই আলোচনায় আসেন তানহা তাসনিয়া। সেই ধারাবাহিকতায় এবার মুজিব রায়হানের নতুন ছবি ‘ময়না পাখির সংসার’ এ চুক্তিবদ্ধ হলেন তিনি।
রফিক শিকদারের ‘ভোলা তো যায় না তারে’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান তানহা। কিন্তু প্রথম ছবিটি মুক্তির আগেই বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নবাগতা। সম্প্রতি আরও দুইটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন তানহা তাসনিয়া।
‘কাজের বেটি রহিমা’ খ্যাত পরিচালক মুজিব রায়হান তার নতুন ছবি ‘ময়না পাখির সংসার’ এর জন্য তানহাকে নির্বাচিত করেছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আসিফ ইমরোজ। এতে তানহা মূলত ময়না নামের একটি চরিত্রে অভিনয় করবেন।
অন্যদিকে টাইগার মিডিয়ার আরেকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তানহা। ‘জানবাজ’ নামের এই ছবিতে তানহাকে দেখা যাবে বাপ্পীর বিপরীতে। একই ছবিতে সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনিকেও দেখা যাবে। তানহা ও পরীমনিকে প্যারালাল চরিত্রে দেখতে পারবেন সিনেপ্রেমীরা। ছবিটি প্রযোজনা করছে ‘টাইগার মিডিয়া’ দুইটি ছবি আগামী বছরের জানুয়ারি ও মার্চে শুটিং শুরু হবে।

