স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে শীর্ষ দল হিসেবেই পা রাখা নিশ্চিত হয়ে গেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। যে কারণে কাতালান কোচ লুইস এনরিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার বায়ার লেভারকুসেনের বিপক্ষে দলের দুই সিনিয়র খেলোয়াড় জেরার্ড পিকে ও আন্দ্রেস ইনিয়েস্তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবারের ম্যাচের পর শনিবার লিগে প্রতিপক্ষের মাঠে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। এরপর ক্লাব বিশ্বকাপে অংশ নিতে জাপান সফরে যাবে কাতালানরা। এমন ব্যস্ত শিডিউলের কারণেই দলের দুই সিনিয়র খেলোয়াড় পিকে ও ইনিয়েস্তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনরিকে।
এদিকে বুধবার লেভারকুসেনের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে দানি আলভেজকেও পাচ্ছেন না কোচ লুইস এনরিকে। রোমার বিপক্ষে দুই সপ্তাহ আগে ঘরের মাঠে ৬-১ গোলে জয় পাওয়া ম্যাচে তৃতীয় হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হন আলভেজ।
না পাওয়ার তালিকাটা বেশ লম্বা বার্সেলোনার। ইনজুরির কারণে জেরেমি ম্যাথিউ, সার্জি রবার্তো, ডগলাস ও রাফিনহাকেও পাচ্ছেন না লুইস এনরিকে। ফলে সার্জি স্যাম্পার, হুয়ান কামারা, জেরার্ড গুম্বাউ ও উইলফ্রিড ক্যাপতুমের মতো তরুণ উদীয়মান খেলোয়াড়দের বুধবারের ম্যাচে সুযোগ করে দিতে পারেন কাতালান কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম লেগে ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও লুইস সুয়ারেজ ও সার্জি রবার্তোর গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এবার ফিরতি লেগে জার্মান জায়ান্টদের মাঠে খেলতে হবে মেসি-নেইমারদের।

