স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কঠিন এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে জার্মান জায়ান্ট ভলফসবুর্গের মুখোমুখি হবে লুইস ফন গালের দল। নিজেদের শেষ ম্যাচে জিতে না পারলে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়তে পারে রেড ডেভিলরা।
আগের ম্যাচে ঘরের মাঠে পিএসভি আইন্দহোভেনের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ায় ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভলফসবুর্গের বিপক্ষে জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। হার কিংবা ড্র হলে পিএসভি ও সিএসকেএ মস্কো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ইউনাইটেডকে।
সেই তুলনায় শেষ ষোলতে যাওয়ার সমীকরণ বেশ সহজ ভলফসবুর্গের জন্য। ঘরের মাঠে ইউনাইটেডের সঙ্গে ড্র করতে পারলেই শেষ ষোল নিশ্চিত হয়ে যাবে জার্মান জায়ান্টদের।
তবে ম্যানচেস্টার ইউনাইটেড যদি ভলফসবুর্গের বিপক্ষে ড্র করে কিংবা হার নিয়ে মাঠ ছাড়ে তারপরও তাদের শেষ ষোলতে উঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে জ্বলতে। এজন্য একই দিন শেষ ম্যাচে সিএসকেএ মস্কোর বিপক্ষে আইন্দহোভেনকে হারতে হবে। আইন্দহোভেন যদি মস্কোকে হারায় তবে নকআউট পর্বে উঠতে হলে জয়ের বিকল্প নেই ইউনাইটেডের।
তবে এতো সব হিসেবের মধ্যে যেতে চান না ইউনাইটেড কোচ লুইস ফন গাল। জয় দিয়েই নকআউট পর্বে পা রাখতে চান তিনি, ‘ভলফসবুর্গের বিপক্ষে আমাদের বড় ম্যাচে মুখোমুখি হতে হবে। ওল্ড ট্র্যাফোর্ডে আইন্দহোভেনের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর আমরা জানি যে নকআউট পর্বে উত্তীর্ণ হতে হলে আমাদের কি করতে হবে; আর সেটি হলো জয়।’
ভলফসবুর্গের বিপক্ষে জিততে পারলে গ্রুপ থেকে শীর্ষস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে শেষ ষোলতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলোকে এড়াতে সক্ষম হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ব্যাপারটিও মাথায় রয়েছে ইউনাইটেড কোচের।
ইউনাইটেডের ডাচ কোচ বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। কিন্তু আমরা জানি, জার্মানি থেকে জয় নিয়ে ফিরতে পারলে আমাদের শুধু শেষ ষোলই নিশ্চিত হবে না; সঙ্গে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হবে।
চার বছর আগে ঠিক এমন সমীকরণেই দাঁড়িয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই স্মৃতি খুব সুখকর ছিল না রেড ডেভিলদের জন্য। সেবার এফসি বাসেলের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই মাথা নিচু করে বিদায় নেয় ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টরা।

