স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের রাশিয়া এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও ২০২২ সালের কাতার বিশ্বকাপে সমর্থন সাবেক ইংলিশ কিংবদন্তী ফুটবলার ডেভিড বেকহাম। ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাতারকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করা ঠিক হবে না বলে জানান তিনি।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণে কোনো ধরনের দুর্নীতি হয়েছে কি না সেটি তদন্ত করে দেখছে সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নতুন করে আয়োজক খুঁজতে পারে ফিফা।
তবে বেকমান চান, ২০২২ বিশ্বকাপ কাতারেই হোক, ‘দুর্নীতি হোক বা না হোক, ওসব দেশগুলোকে বাছাই করা হয়েছে। সুতরাং, ওসব দেশের মানুষের এটা পাওয়া উচিত। সবচেয়ে বড় কথা হলো, ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।’
এর আগে গত জুনে ফিফার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জানান, দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে রাশিয়া ও কাতার ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজকের দায়িত্ব হারাতে পারে। যদিও এই দুটি দেশই আয়োজক দেশ নির্ধারণে কোনো দুর্নীতি হয়নি বলে জোর গলায় দাবি করে আসছে।
অন্যদিকে ফিফার তদন্ত ও অভিযোগ কমিটির প্রধান ডমিনিকো স্কালা জানিয়েছেন, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণে কোনো ধরনের দুর্নীতি হয়নি। তবে সুইস ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ আবার নতুন করে তদন্ত শুরু করায় বলা যাচ্ছে না রাশিয়া ও কাতারের ভাগ্যে কি লেখা আছে।

