আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট বশির আল আসাদ রোববার এক সাক্ষাৎকারে বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ‘অবৈধভাবে’ বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য এবং এই হামলার কারণে ‘সন্ত্রাসবাদ’ আরো বিস্তার লাভ করবে।
গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টে সিরিয়া হামলার ওপর আনীত প্রস্তাবটি পাস হওয়ার কয়েক ঘণ্টা পরই দেশটিতে প্রথমবারের মত বিমান হামলা চালান হয়।
ওই হামলার বিরোধিতা করে প্রেসিডেন্ট আসাদ ‘দ্য সানডে টাইমস’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,‘তাদের হামলা ক্ষতিকারক এবং এটি সন্ত্রাসবাদের বিস্তারে সহায়তা করবে।’ তিনি একই সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পরিচালিত অভিযানেরও সমালোচনা করেছেন। তার মতে, গত এক বছর আগে শুরু হওয়া ওই সামরিক অভিযান কোনো ফল দেয়নি।
প্রেসিডেন্ট আসাদ সন্ত্রাসকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে বলেন, একে নিয়ন্ত্রণে একটি ‘পরিপূর্ণ’ কৌশল অবলম্বন করতে হবে যাতে স্থলসেনা মোতায়েনেরও ব্যবস্থা থাকেবে। তার ভাষায়,‘আপনি ক্যান্সারের কোনো একটি অংশ কেটে বাদ দিতে পারবেন না। আপনাকে গোটা ক্ষতটাই বাদ দিতে হবে। কিন্তু এখন যে অভিযান চলছে তা অনেকটা এক অংশ বাদ দেয়ার মতই ব্যপার। এর ফলে সন্ত্রাসবাদ আরো ছড়িয়ে পড়ছে।’ এভাবে একা একা হামলা চালিয়ে সন্ত্রাসবাদকে মোকাবেলা সম্ভব নয় বলেও উল্লেখ করেছেন তিনি।
সিরিয়ার জনগণ ও সরকারকে বাদ রেখে এভাবে বিচ্ছিন্নভাবে চালান অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের দমন করা যাবে না। তাই যুক্তরাজ্য ও মার্কিন জোটের এই বিমান হামলা ব্যর্থ হবে বলে মনে করেছেন প্রেসিডেন্ট আসাদ।

