বিনোদন ডেস্ক : ভিন্ন ঘরানার অভিনেতা হিসেবে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, অন্যদিকে ফ্যাশন,মডেল এবং আইটেম গান গেয়ে কিছুটা খ্যাতি অর্জন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। আর বিপরীতমুখি এই অভিনেতা-অভিনেত্রীকে সিনেমার পর্দায় একসঙ্গে করছেন মেধাবী নির্মাতা প্রীতিশ নন্দীর ছেলে নির্মাতা কোশান নন্দী।
জানা গেছে, ‘বাবুমশাই বন্দুকবাজ’ নামের একটি ছবিতে প্রথমবারের মত একসঙ্গে জুটি বাধতে চলেছেন ‘মাঝি’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও চিত্রাঙ্গদা সিং। আর এই ছবিতে নওয়াজের বিপরীতে কাজ করার সুযোগ পাওয়ায় রীতিমত উচ্ছ্বসিত চিত্রাঙ্গদা। কারণ ২০০৩ সালে অভিনয়ে অভিষেক ঘটলেও এখন পর্যন্ত কোনো বিশেষ ছবি তার ক্যারিয়ারে যোগ হয়নি। শুধু সর্বশেষ ‘গাব্বার ইজ ব্যাক’ ছবিতে ‘আও রাজা’ আইটেম গান দিয়ে আলোচনায় আসতে সক্ষম হন চিত্রাঙ্গদা সিং।
সম্প্রতি একটি ফ্যাশন অনুষ্ঠানে হাজির হয়ে আসন্ন ছবি ‘বাবুমশাই বন্দুকবাজ’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চিত্রাঙ্গদা। সেখানে নওয়াজের সাথে অভিনয় পাওয়ার সুযোগকে তিনি সৌভাগ্য বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিটি নির্মাণ প্রসঙ্গে গত বছরেই ঘোষণা দেয়া হয়। এবং এই ছবিতে নওয়াজ ও চিত্রাঙ্গদার অভিনয়ের কথাও আগেই ঘোষণা করেন কোশন নন্দী। ছবিটি আসছে বছরেই নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে। অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি প্রযোজনা করেছেন কিরন শ্যাম স্রফ।

