স্পোর্টস ডেস্ক : তৃতীয় বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। অনেক আশা ছিল জ্যামাইকান এই বাঁহাতি ওপেনারের ওপর। তাইতো রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গেইলের ব্যাটিং ঝড় দেখতেও এসেছিলেন উল্লেখযোগ্য দর্শক। কিন্তু তাদেরকে হতাশ করলেন ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটসম্যান। সিলেটের বিরুদ্ধে মাত্র ৮ বলে ৮ রান করেই মোহাম্মদ শহীদের বলে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাজঘরে।
যদিও ঢাকায় পা রাখার আগেই সেঞ্চুরি করার আগাম হুমকি দিয়ে রেখেছিলেন। আর গত শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেই সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন এবার শুধু ঢাকায় এসেছেন ছক্কা হাঁকাতে । রোববার সিলেট সুপার স্টারসের বিপক্ষে একটি ছক্কাও হাঁকিয়েছেন। কিন্তু নিজের ইনিংসটিকে আর বড় করতে পারেননি।
ক্রিস গেইলকে ছাড়াই ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলেন দ্বিতীয় স্থানে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। তবে যে আশা করে ক্যারিবীয় ব্যাটসম্যানকে বরিশালের কর্মকর্তারা মাঠে নামান। তাদের সেই আশায় জল ঢেলে দিলেন গেইল। ৮ বল মাত্র আট রান করেই ফিরলেন প্যাভিলিয়নে। তার সঙ্গে পুরো দলই যেন হাঁটলো অন্ধকারে। রেকর্ড ৫৮ রানে অলআউট বরিশাল বুলস।

