স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনে ক্লাব-ফেডারেশন দ্বন্দ্ব যেন থামছেই না। কয়েকটি ক্লাবের বিদ্রোহের কারণে দীর্ঘদিন হকিতে অচলাবস্থা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের উদ্যোগে সেই বিদ্রোহ আপাতত নিরসন হয়েছে। তবে এবার নতুন করে বিদ্রোহ দানা বাঁধছে দেশের ঘরোয়া ফুটবলে। শনিবার রাজধানীর একটি হোটেলে ক্লাব সমিতির বৈঠক থেকে এমন আভাসই পাওয়া গেল।
ক্লাব সমিতির সভাপতি ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের চেয়ারম্যান মনজুর কাদেরের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী হেলাল, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, ব্রাদার্স ইউনিয়নের আমের খান ও বিজেএমসির মজিবর রহমান মল্লিক।
সভা শেষে মনজুর কাদের বলেন, ‘লিগ কমিটি পুনর্গঠন করতে হবে। আমাদের পাওনা টাকা না দিয়ে বাফুফে চিটিং করেছে। আমরা কারও চাকরি করি না। বাফুফে লিগ কমিটি পুনর্গঠন ও পাওনা টাকা না দিলে আমরা প্রিমিয়ার ফুটবল লিগের দল বদলে অংশ নেব না।’
শেখ রাসেলের ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী হেলাল বলেন, ‘বাফুফের কারও সঙ্গে আমাদের কোন দ্বন্দ্ব নেই। সবাই আমাদের বন্ধু ও সহকর্মী। কিন্তু ফেডারেশনের মধ্যে যেভাবে রাজনৈতিক সভা সমাবেশ করে নোংরামি করা হয়েছে তা নজিরবিহীন। আমি কাদের ও লোকমান সাহেবকে শোকজের নিন্দা জানাই। ফুটবলের উন্নতি চাইলে এ থেকে সরে আসতে হবে বাফুফেকে। ক্লাবগুলোর সঙ্গে একত্রে কাজ করতে হবে। ক্লাব ছাড়া ফুটবল ফেডারেশনের কোনো মূল্য নেই।’
ফুটবল ক্যালেন্ডার অনুযায়ী খেলা চালানো, বৃষ্টির দিনে খেলা আয়োজন না করা, ক্লাবগুলোর পাওনা পরিশোধের দাবিসহ বিভিন্ন ইস্যুতে শেখ জামাল ও মোহামেডান আগে থেকেই সরব ছিল। এবার তাদের সঙ্গে যুক্ত হল প্রিমিয়ার লিগের আরো তিন ক্লাব।

