স্পোর্টস ডেস্ক : ভিয়েতনামে হো ট্রাম ওপেনের তৃতীয় রাউন্ডে ছন্দপতন হয়েছে বাংলাদেশী গলফার সিদ্দিকুর রহমানের। তাই তিন রাউন্ড শেষে তার জায়গা হয়েছে লিডার বোর্ডের ২৫ নম্বরে।
পারের (৭১ শট) চেয়ে দুই শট কম নিয়ে প্রথম রাউন্ড শেষ করেছিলেন ৩৩ নম্বরে থেকে। দ্বিতীয় রাউন্ডে পারফরম্যান্সে বেশ খানিকটা উন্নতি হয় সিদ্দিকুরের। পারের চেয়ে চার শট কম নিয়ে এক লাফে ওঠে আসেন নয় নম্বরে।
তবে তৃতীয় রাউন্ডে খুবই বাজে খেলেছেন এশিয়ার অন্যতম সেরা এই বাংলাদেশ গলফার। এই রাউন্ড শেষ করেছেন পারের চেয়ে তিন শট বেশি নিয়ে। তাই তিন রাউন্ড শেষে পারের চেয়ে তিন শট কম নিয়ে দুইবারের এশিয়ান ট্যুর জয়ী এই তারকার অবস্থান এখন ২৫ নম্বরে। আজ রোববার টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
তিন রাউন্ড শেষে ১৫ লাখ প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে ১৩ শট কম নিয়ে শীর্ষে রয়েছেন চাইনিজ তাইপের লিন ওয়েন-ট্যাং।

