আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সাবেক সেনাশাসক বিরোধী দলীয় নেত্রী অং সনি সুচিকে ‘আগামী দিনের নেত্রী’ হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে সমর্থন করার প্রতিশ্রতি দিয়েছেন। যদিও সংবিধানের শর্ত অনুযায়ী, দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না সুচি।
শুক্রবার জেনারেল থান শেউ’র সঙ্গে দুই থেকে আড়াই ঘণ্টা ধরে বৈঠক করেন সুচি। গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার দল ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করার পর এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবিসি জানিয়েছে, বৈঠকে ৮০ বছর বয়সী জেনারেল থান শুই সুচিকে বলেন,‘এটা এখন বাস্তব যে, সুচিই হতে যাচ্ছেন দেশের আগামী দিনের নেত্রী। আমি সর্বাত্মকরণে তাকে সমর্থন দেব।’ তবে তার এই বক্তব্য দেশটির সংবিধান পরিবর্তনে কোনো প্রভাব ফেলবে কিনা তা অবশ্য জানা যায়নি। সংবিধানে কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে কেউ সে দেশের প্রেসিডেন্ট হতে পারেন না।
প্রসঙ্গত, জেনারেল থান ২০১১ সালে পদত্যাগ করলেও সে দেশের রাজনীতিতে এখনো তার ব্যাপক প্রভাব রয়েছে।
গত সপ্তাহে মিয়ানমারের দুই প্রভাবশালী ব্যক্তি প্রেসিডেন্ট উ থেইন সেইন এবং সামরিক বাহিনীর প্রধান মিন অং হলয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুচি। তারাও তাকে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন।

