আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর দেশটির ভোটাররা প্রথম পর্বের আঞ্চলিক নির্বাচনে অংশগ্রহণ করছে। রোববার প্রথম পর্বের ভোট গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি। দেশটির নাগরিক জীবনে এই ভোটের গুরুত্ব অপরিসীম।
রাজধানী প্যারিসে ১৩ নভেম্বর সন্ত্রাসী হামলার ঘটনায় ১৩০ জন নিহত হওয়ায় পর সরকারের পদক্ষেপে জনগণ কতটা সন্তুষ্ট তা এ ভোটের মাধ্যমেই জানা যাবে। এমনটাই মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।
রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে। আর তা বিরতিহীনভাবে চলবে রাত ৮টা পর্যন্ত। দেশটির প্রায় সাড়ে ৪ কোটি মানুষ তাদের আঞ্চলিক নির্বাচনে ভোটদানের সুযোগ পাবেন।
আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। এই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।অপরদিকে ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টও (এফএন) বেশ ভালো ফল পাবে বলে আশা করা হচ্ছে।
রিপাবলিকান ও ন্যাশনাল ফ্রন্ট এবারের নির্বাচনে ৩০ শতাংশ করে ভোট পেতে পারে। তবে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের নেতৃত্বাধীন সোশালিস্ট পার্টি পার্টি সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত ভোট পেয়ে বেশ কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণ হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

