স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোহাম্মদ আমিরের অভাবনীয় পারফরম্যান্স মুগ্ধ করেছে পাকিস্তান ক্রিকেটের বড় কর্তাদের। তাই পাঁচ বছর নির্বাসন কাটিয়ে আসা আমিরের জাতীয় দলে প্রবেশ করা এখন সময়ের ব্যাপার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং টিম ম্যানেজম্যান্ট চাইছে, ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তাকে পাকিস্তান ‘এ’ দলে সুযোগ করে দিতে।
পিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছেন, নির্বাসন থেকে ফেরার পর ভালোভাবেই আমির নিজেকে ফিরে পেয়েছে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট এবং বিপিএলে তার নজরকাড়া পারফরম্যান্স কারও দৃষ্টি এড়ায়নি। তাছাড়া সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজ একদম ভালো কাটেনি পাকিস্তানের। চার ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পোহাতে হয়েছে পাকিস্তানকে।
টি২০ ফরম্যাটে বরাবর ভালো করা পাকিস্তানকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে তাদের সাম্প্রতিক ফর্ম। সামনেই টি২০ বিশ্বকাপ। তার আগে পাক টিম ম্যানেজম্যান্ট চাইছে, একটা ভালো কম্বিনেশন দাঁড় করাতে। আর এখানেই চলে আসছে আমিরের নাম। পাঁচ বছরে যে তার এতটুকু ধার কমেনি। সেটা বিপিএলে প্রতিটি ম্যাচেই প্রমাণ করে চলেছেন আমির।
বৃহস্পতিবার পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এবং কোচ ওয়াকার ইউনিস আমিরকে নিয়ে বিশদ আলোচনা করেছেন। শোনা যাচ্ছে, শুক্রবার আমিরকে পাকিস্তান ‘এ’ দলে রাখার বিষয়টি চূড়ান্তই করে ফেলা হয়েছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খসড়া তালিকাতেও তার নাম রয়েছে। ওয়াকার বলেছেন,‘ সে (আমির) তার শাস্তি পেয়েছে। ক্রিকেটের মূলধারায় ফেরা ওর প্রাপ্য।’
কোচ এরকম কথা বললে বুঝতে বাকি থাকে না আমিরকে তার কতটা দরকার। পিসিবি’র সূত্র মতে,‘ ঘরোয়া এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে আমিরের পারফরম্যান্স টিম ম্যানেজম্যান্টকে মুগ্ধ করেছে। দলে ভালোমানের ফাস্ট বোলারের অভাব রয়েছে। তাছাড়া টি২০ বিশ্বকাপের আগে শহীদ আফ্রিদি এবং ওয়াকার ইউনিস এই বাহাতিকে উপেক্ষা করতে পারেন না।’
সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান ‘এ’ দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ ডিসেম্বর। বিপিএল শেষ হবে ১৫ ডিসেম্বর। এখন দেখার আমির চিটাগাং ভাইকিংসের সঙ্গে শেষ অবধি থাকবেন না পাকিস্তান ‘এ’ দলের হয়ে খেলতে চলে যাবেন?

