আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের ১০ জনের একটি দল গোপনে সিরিয়া থেকে থাইল্যান্ডে প্রবেশ করে সেখানে অবস্থানরত রুশ নাগরিকদের লক্ষ্য করে হামলা করার পরিকল্পনা করছেন।
থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, মস্কো থেকে এই আইএস দলের ব্যাপারে তাদেরকে সতর্কতা জানানো হয়েছে। পুলিশের একটি ফাঁস হওয়া স্মারকলিপি থেকে জানা যায়, রুশ গোয়েন্দা সংস্থা তথ্যটি সরবরাহ করেছেন থাই পুলিশকে। তবে এখনো পর্যন্ত থাইল্যান্ডে এমন কোনো আইএস দলের সন্ধান পাওয়া গেছে কিনা সে ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলেন নি।
থাই পুলিশের এক মুখপাত্র সংপল ওয়াত্তানচাই বলেছেন, তারা এখনো পর্যন্ত আইএসের এই দলটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
থাইল্যান্ডে বসবাসকারী রুশ নাগরিকরা এই খবরে শঙ্কিত হয়ে পড়েছেন। প্রতি বছর প্রায় ১৫ লাখ রুশ নাগরিক থাইল্যান্ড ভ্রমণ করতে আসেন।
উল্লেখ্য, রাশিয়া গত সেপ্টেম্বর মাস থেকে সিরিয়াতে আইএসের উপরে বিমান হামলা চালিয়ে আসছে এবং গত অক্টোবর মাসে মিশরের সিনাই প্রদেশে একটি রুশ বিমান হামলার দায় স্বীকার করে নিয়েছিল আইএস সংযুক্ত একটি দল।

