বিনোদন ডেস্ক : রুপালি পর্দায় বলিউডের অন্যতম জনিপ্রয় ও আলোচিত অভিনেতা সঞ্জয় দত্তের আত্মজীবনী ছবি নির্মাণ করতে যাচ্ছেন ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’-এর মত চলচ্চিত্র নির্মাতা রাজ কুমার হিরানি। সেই ছবিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রনবীর কাপুর। অথচ একই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন স্বয়ং সঞ্জয় দত্ত!
জানা গেছে, বর্তমানে সঞ্জয় দত্ত মুম্বাই বিস্ফোরণ মামলায় আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে কারাভোগ করছেন। আসছে বছরেই শেষ হবে তার সাজার মেয়াদ আর তখনই রাজ কুমার হিরানি বন্ধু সঞ্জয়ের উপর নির্মাণ করবেন আত্মজীবনী ছবিটি। তবে নিজের উপর নির্মিতব্য ছবিতে কি চরিত্রে অভিনয় করবেন সঞ্জয়, তা নির্মাতা সূত্রে জানানো হয়নি।
‘মুন্না ভাই’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের বাস্ত জীবন নিয়ে নির্মিতব্য ছবিটির এরই মধ্যে নাকি স্ক্রিপ্টও চূড়ান্ত করে ফেলেছেন হিরানি। আর সঞ্জয় দত্তের চরিত্রে চূড়ান্ত করা হয়েছে জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুরকে!
উল্লেখ্য, বর্তমানে সঞ্জয় দত্ত মুম্বাই বিস্ফোরণে অবৈধ অস্ত্র রাখার অপরাধে অভিযুক্ত হয়ে জেল খানায় সাজা ভোগ করছেন। ১৯৯৩ সালে সংঘটিত মুম্বাই বিস্ফোরণে জড়িত থাকার অপরাধে ২০১৩ সালের মে মাস থেকে জেল খাটছেন অভিনেতা সঞ্জয় দত্ত। কিন্তু জেলে যাওয়ার পর থেকে নানা অজুহাতে বিভিন্ন সময় প্যারোলে মুক্তি পেয়ে আসছেন তিনি।
বলিউডে মুন্না ভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকে সর্বশেষ আমির খান অভিনীত রাজকুমার হিরানীর ছবি ‘পিকে’-তে দেখা গিয়েছিল।

