বিনোদন ডেস্ক : বেশ ক’দিন আগেই শোনা গিয়েছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত ছবির নায়িকা আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করতে চলেছেন বলিউডে বাদশাহ শাহরুখ খান। খবরটি ‘গুজব’ বলে ছড়ানো হলেও সেই গুজবই সত্যি হতে চলেছে!
হ্যাঁ, হাঁটুর বয়সী অভিনেত্রী আলিয়া ভাটের সাথে একই ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান! তবে আলিয়ার নায়ক হিসেবে নন, বরং সেই ছবিতে বিশেষ উপস্থিতি থাকবে বাদশাহ’র! তবে যাই হোক, এটিকেও নাকি সৌভাগ্য হিসেবে দেখছেন আলিয়া ভাট।
জানা গেছে, ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা গৌরী সিন্ধের পরবর্তী ছবিতে বিশেষ উপস্থিতি থাকবে বলিউড বাদশাহ শাহরুখ খানের। আর ওই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। আলিয়া ছাড়াও নারী কেন্দ্রিক ওই ছবিতে তিনজন পুরুষ লিডও রয়েছে। তবে সেসব চরিত্রে কারা অভিনয় করবেন সে সম্পর্কে এখনই কিছু জানা যায়নি। তবে নির্মাতা গৌরী সিন্ধের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনজন পুরুষ লিড চরিত্রের একজন হতে পারেন ভারতের দক্ষিণী তামিল কিংবা তেলেগু ছবির কোনো সুপারস্টার।
উল্লেখ্য, আসন্ন ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন শাহরুখ খানের প্রোডাকশন হাউজ ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’ এবং করন যোহরের ‘ধর্ম প্রোডাকশনস’। শিগগিরই শুরু হবে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ। এর আগে গৌরী সিন্ধি শ্রীদেবীকে নিয়ে ‘ইংলিশ ভিংলিশ’ নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন। ছবিটি সিনেমা সমালোচকদের তৃপ্ত করতে পেরেছিল।

