ঢাকাFriday , 4 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা একাডেমি আমাদের গর্বের প্রতিষ্ঠান

Link Copied!

Bangla academiনিজস্ব প্রতিবেদক : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বাংলা একাডেমি আমাদের গর্বের প্রতিষ্ঠান। এদেশের স্বনামধন্য কবি, সাহিত্যিক, গবেষক এ সংস্থাটির সঙ্গে জড়িত। তারা তাদের মেধা ও শ্রম দিয়ে প্রতিষ্ঠানটিকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছেন।’
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমির হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘পাকিস্তান আমলে একটি বৈরি পরিবেশে সাংস্কৃতিক সংগ্রামের পিঠস্থান হিসেবে বিপ্লবী ভূমিকা পালন করেছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির একুশের বইমেলা আজ বিশ্বের দীর্ঘতম বইমেলার স্বীকৃতি পেয়েছে।’
কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি বারিদবরণ ঘোষ বলেন, ‘বাংলা একাডেমি সুদীর্ঘ ৬০ বছর ধরে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে যাচ্ছে। এজন্য তারা অভিনন্দন পাওয়ার যোগ্য।’
তিনি বলেন, ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ নিয়ে গবেষণায় বাংলাদেশের বাংলা একাডেমির সাথে কাজ করতে আগ্রহী।’
পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট নাট্যজন শাঁওলী ‍মিত্র বলেন, ‘বাংলাদেশের বাংলা একাডেমি ও পশ্চিমবঙ্গের বাংলা আকাদেমি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে যৌথভাবে গবেষণা করতে পারে।’
স্মারক বক্তৃতায় ভারতের চেন্নাইয়ের বিশিষ্ট লেখক ও গবেষক ভি বি গণেশন বলেন, ‘তামিলনাড়ুর স্বামীনাথ আয়ার এবং বাংলার আবদুল করিম সাহিত্যবিশারদের ঐতিহ্য-অনুসন্ধিৎসা আমাদের গভীর আগ্রহের বিষয়। আমি খুবই আনন্দিত যে, এই বক্তৃতানুষ্ঠান আবদুল করিম সাহিত্যবিশারদের নামাঙ্কিত মিলনায়তনেই অনুষ্ঠিত হচ্ছে।’
অনুষ্ঠানে নজরুল পৌত্রী অনিন্দিতা কাজী নজরুলকে নিয়ে বঙ্গবন্ধুর লেখা ‘নজরুল বাঙালির স্বাধীন সত্তার ঐতিহাসিক রূপকার’ রচনা থেকে পাঠ করে শোনান।
আলোচনা শেষে বাংলা একাডেমির ইতিহাস ও ঐতিহ্য এবং সাম্প্রতিক কর্মতৎপরতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী অনিন্দিতা কাজী, রফিকুল আলম ও অণিমা রায়।
এর আগে বিকেলে একাডেমির নভেরা প্রদর্শনী কক্ষে ‘বাঙালি মনীষার দীপ্ত প্রতিকৃতি’ শীর্ষক ২৪ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ ছাড়া বিকেল ৩টায় একাডেমির রবীন্দ্র চত্বরে বাংলা একাডেমির সদস্য-ফেলো-কবি-লেখক-বুদ্ধিজীবী সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জজামান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির প্রাক্তন পরিচালক বিশিষ্ট লেখক ফরহাদ খান।