স্পোর্টস ডেস্ক : ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম আজিঙ্কা রাহানে। দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনের বিপক্ষে একাই লড়ে যাচ্ছেন তিনি। চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে বৃহস্পতিবার প্রথম দিনেই প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। শুধু রাহানে ৮৯ রান করে অপরাজিত রয়েছেন। সেই সুবাদে দিনশেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর দাঁড়িয়েছে ৭ উইকেটে ২৩১ রান। প্রথম তিন ম্যাচ শেষেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে রেখেছে ভারত।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে নেমে শুরু থেকেই ব্যর্থতার মিছিলে যোগ দেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা প্রোটিয়া বোলার ডেন পিয়েট শুরু থেকে রাজত্ব করেছেন বল হাতে। প্রথম দিনেই চার উইকেট নিয়েছেন তিনি।
দলীয় ৩০ রানে পিয়েটের বলে আমলার হাতে ক্যাচ দিয়ে প্রথম মাঠ ছাড়েন ওপেনার মুরালি বিজয়। তাকে অনুসরণ করে দলীয় ৬২ রানে সাজঘরের পথ ধরেন শেখর ধাওয়ান (৩৩)। পিয়েটের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। পরের ওভারেই এ্যাবটের বলে বোল্ড হয়ে যান চেতেশ্বর পূজারা (১৪)।
মাত্র ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় ভারত। চাপ কাটাতে দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। রাহানে ঠিক পথে আগালেও ৪৪ রান করে পিয়েটের বলে কট বিহাইন্ড হয়ে যান কোহলি। এরপর একপ্রান্ত রাহানে আকড়ে রাখলেও অপরপ্রান্ত থেকে আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন রোহিত শর্মা, ঋদ্ধিমান শাহা ও রবীন্দ্র জাদেজা। রোহিত ও ঋদ্ধিমান মাত্র ১ রান করে করলেও জাদেজা করেছেন ২৪ রান।
শেষ পর্যন্ত রবীচন্দ্রণ অশ্বিনকে নিয়ে দিনের বাকিটা সময় পার করতে সক্ষম হয়েছেন রাহানে। ১৫৫ বলে নয় চার ও দুই ছক্কার মারে ৮৯ রান করেছেন তিনি। আর অশ্বিন ক্রিজে রয়েছেন ৬ রান করে। পরে আলোক স্বল্পতার কারণে ৬ ওভার বাকি থাকতেই দিনের খেলার ইতি টানেন দুই আম্পায়ার।
দক্ষিণ আফ্রিকার ডানহাতি অফস্পিনার পিয়েট ৪ উইকেট নিলেও বাকি ৩ উইকেট নিয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার কাইল এ্যাবট।

