স্পোর্টস ডেস্ক : আবারও উত্তপ্ত বিশ্ব ফুটবল। তীব্র উত্তেজনা বিরাজ করছে সুইজারল্যান্ডের ফিফার সদর দফতর জুরিখে। বৃহস্পতিবার ভোরে আবারো সুইস পুলিশ অভিযান চালিয়েছে জুরিখের দ্যা বাউ ওলাখ হোটেলে। গ্রেপ্তার করা হয়েছে ফিফার দুই সহ-সভাপতিকে। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন সুইস ফুটবল কর্মকর্তা। সবার বিরুদ্ধেই অভিযোগ একটি- দুর্নীতি। এর আগে গত ২৬ মে, ফিফা নির্বাচনের আগের দিন, একই হোটেল থেকে দুর্নীতির অভিযোগে সাত ফিফা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল সুইজারল্যান্ডের পুলিশ।
এবার নতুন করে গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তা হলেন হন্ডুরাসের আলফ্রেদো হাউয়িট ও প্যারাগুয়ের হুয়ান অ্যাঙ্গেল নাপুত। হাউয়িট উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল কনফেডারেশন (কনক্যাকাফ) সভাপতি। আর নাপুত হচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি। দুজনই ফিফার শক্তিশালী নির্বাহী কমিটির সদস্য।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস লিখেছে, পুলিশ সকাল ৬টায় জুরিখের বাউ ওলাখ হোটেলে অভিযান চালায়। অর্থ ও মানব পাচার এবং প্রতারণার অভিযোগ রয়েছে ফিফার এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেপ্তার করার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছিল। দুই সহ-সভাপতির সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্যান্য কর্মকর্তাদের নাম অবশ্য এখনও জানা যায় নি।
এ প্রসঙ্গে ফিফা বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন বিচার বিভাগ থেকে এই পদক্ষেপ সম্পর্কে ফিফা অবগত আছে। সুইস আইন অনুযায়ী আমরা এ বিষয়ে তাদের সর্বাত্মক সহযোগিতা করব।’
গত মে মাসের শেষের দিকে প্রথম গ্রেপ্তার অভিযান হয়। এর দুই দিন পর ২৯ মে ফিফা সভাপতি নির্বাচনে পঞ্চমবারের মতো জেতেন ব্ল্যাটার। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২ জুন পদত্যাগের ঘোষণা দেন ব্ল্যাটার। বর্তমানে দুর্নীতির অভিযোগে ৯০ দিনের নিষেধাজ্ঞা সময় পার করছেন এই সুইস ভদ্রলোক।

