নিজস্ব প্রতিবেদক : সব ধরনের কাঁচা পাট রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার) বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপানে বলা হয়েছে, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের নিমিত্তে পাট অধ্যাদেশ ১০৬২-এর ৪ ও ১৩-এর ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখা হলো।’
প্রসঙ্গত, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি- এই ছয়টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করতে এবং এ সম্পর্কিত আইন অমান্যকারীদের বিরুদ্ধে রাজধানীতে সাঁড়াশি অভিযান শুরু হয় এ সপ্তাহেই।
কারওয়ান বাজারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের নেতৃত্বে এ অভিযান শুরু হলেও পরক্ষণেই তা বন্ধ হয়ে যায়। কারণ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া ওই অভিযানের ফলে খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। ওইদিন অভিযান স্থগিত করে ব্যবসায়ীদের একসপ্তাহ সময় দেয়া হয়।

