অর্থনৈতিক প্রতিবেদক : চলতি কর বর্ষ তথা ২০১৫-১৬ কর বর্ষে আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর আদায় হয়েছে ১ হাজার ৫৩৭ কোটি ৩৮ লাখ টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৮ লাখ ১৫ হাজার ৮৯৪ টি আয়কর রিটার্নের বিপরীতে এই আয়কর আদায় করেছে তারা।
মঙ্গলবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই আয়কর আদায়ের পাশাপাশি সময় বৃদ্ধির জন্যে আবেদন করেছেন ২ লাখ ৭৬ হাজার ১৩৮ জন করদাতা। গত করবর্ষ তথা ২০১৪-১৫ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় পর্যন্ত ৮ লাখ ৩৩ হাজার ৯০২টি আয়কর রিটার্ন জমা পড়েছিল। এর বিপরীতে সে সময় আয়কর আদায় হয়েছিল ১ হাজার ৩৯০ কোটি ৩৬ লাখ টাকা। তখন সময় বৃদ্ধির জন্যে আবেদন করেছিলেন ১ লাখ ৯৩ হাজার ৭২১ জন করদাতা।
তিনি আরো জানান, এ বছর সময় বৃদ্ধির আবেদনকারীসহ রিটার্ন দাখিল করেছেন মোট ১০ লাখ ৯২ হাজার ৩২ করদাতা। যা গত বছরের তুলনায় ৬.২৭ শতাংশ বেশি। আবার রিটার্নের সাথে পরিশোধিত মোট আয়করের ক্ষেত্রে গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
যে সকল করদাতা চলতি কর বর্ষের আয়কর রিটার্ন দাখিল করেননি, কিংবা সময় বৃদ্ধির আবেদনও করেননি, তাঁদের বিরুদ্ধে আয়কর আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এনবিআর প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে বলেও জানান তিনি।

