নিজস্ব প্রতিবেদক : দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের উদ্বেগ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আমরা অত্যন্ত হতাশ।’
পাকিস্তানের হাইকমিশনারকে তলবের পর সোমবার প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আগের বারও ভেবেছি, বিচারের রায় নিয়ে তারা কোনো মন্তব্য করবে না। এবারও ভেবেছিলাম, তারা কোনো মন্তব্য করবে না। কিন্তু লক্ষ্য করলাম, একমাত্র তারাই বিচারের রায় নিয়ে মন্তব্য করল। অন্য কোনো দেশ এ নিয়ে মন্তব্য করেনি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একক কোনো ঘটনায় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার পর গতকাল রবিবার এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান সরকার। এ ঘটনায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ সোমবার দুপুরে হাজির হন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে হাইকমিশনারকে বলা হয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিচার নিয়ে মন্তব্য করা নাক গলানোর শামিল। এটা দুঃখজনক।

