নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালে বাংলাদেশের এক সার্ভে রিপোর্ট অনুযায়ী ৫ বছর বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৪৬ জন; ১৯৯০ সালে যা ছিল ১৩৩। সে অনুযায়ী শিশু মৃত্যুর হার ৭৩ শতাংশ কমেছে।
সোমবার বিকেলে জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্য মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী জানান, আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ১ হাজার জীবিত জন্ম শিশুর মৃত্যুর হার ২৫-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করছি।
বাংলাদেশে ২০৩৫ সালের মধ্যে ওই হার ২০-এ নামিয়ে আনার লক্ষ্য রয়েছে বলেও জানান মন্ত্রী।
এদিকে মহিলা ২৭ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান শরীয়তপুরে আধুনিক শিশু হাসপাতাল নির্মাণে সরকারের পরিকল্পনা আছে কি? জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে শরীয়তপুরে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল রয়েছে। সেখানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। সে ওয়ার্ডে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা শিশুদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

