অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ-ভারত গ্রিড আন্তসংযোগের বিদ্যমান ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হবে। আমদানি করা এ বিদ্যুতের অবকাঠামোগত উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশকে ১২ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলানগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি-২ সম্মেলন কক্ষে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন ইআরডির সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন অপর দিকে এডিবির পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি।
ইআরডির সিনিয়র সচিব বলেন, ‘সাসেক সেকেন্ড বাংলাদেশ–ইন্ডিয়া ইলেকট্রিক্যাল গ্রিড ইন্টাক্যানেকশন’ প্রকল্প বাস্তবায়নে এডিবির সঙ্গে ১২ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ৮ দশমিক ৫ কোটি ডলার কঠিন শর্তে এবং ৩ দশমিক ৫ কোটি ডলার সহজ শর্তে ঋণ দিবে এডিবি।’
তিনি বলেন, ‘এ প্রকল্পে তিন বছরে ১৮ দশমিক ৩ কোটি ডলার ব্যয় হবে। এর মধ্যে ১২ কোটি ডলার দেবে এডিবি আর বাকি অর্থ সরকার বহন করবে।’
প্রসঙ্গত, ভেড়ামারা-ঈশ্বরদী উপজেলায় ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ এছাড়াও ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট উপকেন্দ্র নির্মাণ করা হবে। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ২০১৫ থেকে জুন ২০১৮ সাল নাগাদ। আর এডিবির ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে বলে জানান মোহাম্মদ মেজবাহউদ্দিন।

