নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০১৫-২০১৭ মেয়াদের জন্য নমনীয় ঋণ সহায়তা হিসেবে ২ হাজার ৮শ কোটি টাকার একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলানগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি-২ সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এএইচএন সিং ডু।
ইআরডি সিনিয়র সচিব বলেন, ‘এর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৬৮০ মার্কিন ডলারের ১৮টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় ৮টি প্রকল্প বাস্তবাবায়িত হবে। কর্ণফুলি নদীর উপরে রেল সেতু নির্মাণসহ রেল মন্ত্রণালয়ের ৬টি প্রকল্প বাস্তবায়িত হবে। অন্যদিকে বাংলাদেশের ভূমি জরিপ পদ্ধতি ডিজিটালাইজেশন করার লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়িত হবে।’
এই ফ্রেমওয়ার্কের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৭০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। এর মাধ্যমে মারাত্বকভাবে অসুস্থ ও ক্রনিক ডিজিজে আক্রান্ত রোগীদের উন্নত স্বাস্থ্য সেবা দেয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, এই ফ্রেমওর্য়াক এগ্রিমেন্টের আওতায় চলতি অর্থবছরেই আরও ৩ টি প্রকল্পের মোট ২২৭ দশমিক ৮৪৬ মিলিয়ন মার্কিন ডলার নমনীয় ঋণ সহায়তা সংবলিত আর্থিক নমনীয় ঋণ চুক্তি সাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

