অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মা উচ্চ রক্তচাপের ওষুধ কার্ভেডিলোল যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইউএস এফডিএ কর্তৃক উৎপাদন ব্যবস্থা এবং মান নিয়ন্ত্রণ পদ্ধতির কঠোর নিরীক্ষণের মাধমে কোম্পানি ড্রাগ রপ্তানির এ অনুমোদন লাভ করেছে।
যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির উদ্দেশ্যে বেক্সিমকো ফার্মা গাজীপুরের টঙ্গী কারখানা স্থাপন করেছে। যা ইতোমধ্যে ইউএস এফডিএ সনদ লাভ করেছে। কোম্পানিটি বিভিন্ন মাত্রার কার্ভেডিলোল (৩০.১২৫ মি.গ্রা., ৬.২৫ মি.গ্রা., ১২.৫ মি.গ্রা., এবং ২৫ মি.গ্রা.) ট্যাবলেট উৎপাদন করবে।
বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন ‘আমরা ইতোমধ্যে ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বাজারে ওষুধ রপ্তারি করে আসছি। যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের ওষুধ শিল্পের নতুন দিগন্তের উন্মোচন হবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী বছরগুলোতে রপ্তানি বাণিজ্য প্রসারে ওষুধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।’

