দিনাজপুর প্রতিনিধি : জাপানি নাগরিক হোশি কুনিও এবং ইতালির নাগরিক সিজার তাভেল্লা খুনের রেশ কাটতে না কাটতেই এবার আরেক ইতালীয়কে গুলি করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুরের শহরে মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম ডা. পিয়েরো (৫০)। তিনি দিনাজপুর শহরস্ত শুইহারি ক্যাথলিক মিশন চার্চের ফাদার। তাকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য ঘটনাস্থল ঘিরে রেখেছে।
স্থানীয়রা জানান, পাদ্রী পিয়েরো বাস ডিপোর পাশে ‘দি লেক্রসি মিশন’ বাংলাদেশ নামে একটি ক্যাথলিক মিশনে থাকতেন। পেশায় চিকিৎসক পিয়েরো সকালে সুইহারি ক্যাথলিক চার্চ থেকে বাইসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে তিন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে পিয়েরো রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দিমেকের সার্জিকেল বিভাগের প্রধান চিকিসক কর্তব্যরত ডা. পার্থ সারথি রায় জানান, পিয়ারোর পিছন থেকে একটি গুলি গলার সামান্য অংশ ভেদ করে বেরিয়ে যায়।
দিমেকের চিকিৎসক জিল্লুর রহমান জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে তাকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু হয়েছে।
এদিকে বুধবার বিকেল ৪টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল থেকে এয়ারবাসে করে ঢাকায় পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে দিমেকের সিনিয়র কনসালটেন্ট ডা. জিল্লুর রহমান জানান, নিরাপত্তার কথা ভেবে ও উন্নত চিকিৎসার জন্য আমরা আহতকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
সম্প্রতি জাপানি নাগরিক হোশি কুনিও ও ইতালির নাগরিক সিজার তাভেল্লা খুন ছাড়াও পাবনায় গীর্জার ফাদার লুক সরকারকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনা সারাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
এসবের রেশ কাটতে না কাটতেই আরেক ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নতুন আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার পরেই দিনাজপুর শহরে নিরাপত্তা জোরদার করা হয়। পুরো শহরে র্যাব, গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্যাপক তৎপরতা দেখা যায়। গুরুত্বপূর্ণ স্পটগুলোতে নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে।
ঘটনার পরেই গুলিবিদ্ধ বিদেশি নাগরিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন দিনাজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমীনসহ বেশ কিছু বিদেশি নাগরিক।
এদিকে ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় তারা গুলিবর্ষণের শব্দ শুনেছেন। তাছাড়া ঘটনাস্থলে একটি গুলির খোসাও পড়ে থাকতে দেখেছেন।
এদিকে, ডা. পিয়েরোকে গুলি করে আহত করার ঘটনার প্রতিবাদে দিনাজপুরের মিশনারি স্কুল ও কলেজগুলোর শিক্ষক ও ছাত্ররা ক্লাস বর্জন করেছে। তারা ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
দিনাজপুর কসবা সেন্টফিলিপস হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার নির্মল ফান্সিস গমেজ সিএসসি ঘটনার সঠিক তদন্ত ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এর আগে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা সিজার তাভেল্লা। ওই ঘটনার সাতদিন পর ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও। এর দুদিন পর ৫ অক্টোবর পাবনার ঈশ্বরদীতে গীর্জার এক ফাদার লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনার ২৬ দিন পর ৩১ অক্টোবর ঢাকায় এক প্রকাশককে কুপিয়ে হত্যা করা হয়। একই দিনে অপর এক প্রকাশনীর অফিসে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

