ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে শ্রমিক পাঠানো : আলোচনা হবে বৈঠকে

Link Copied!

workerঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) দুদিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে আজ। এই বৈঠকে সৌদি আরবের শ্রম বাজারে জনশক্তি রপ্তানি বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকার।
বুধবার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে জেইসির বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইআরডি সূত্রে জানা যায়।
বৈঠক উপলক্ষে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ইআরডি।
সেই প্রতিবেদন সূত্রে জানা যায়, সৌদি আরবে বাংলাদেশের প্রায় ১৫ লাখ শ্রমিক কাজ করছে। দেশটির চলমান উন্নয়ন কাজে দেশের আরও দক্ষ ও অদক্ষ শ্রমিক যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার  সৌদি আরবের এই চলমান উন্নয়নে প্রকল্পের সুযোগকে কাজে লাগিয়ে জনশক্তি রপ্তানি করতে চায় দেশটিতে।
ইতোমধ্যে সৌদি আরবে বাংলাদেশে শ্রমিক পাঠানো ব্যাপারে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিলে সৌদি সরকার খুশি হয়ে নিয়মিতভাবে ৮ লাখ শ্রমিক নেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেয়। এ বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে ইআরডি কর্মকর্তারা জানান।
এছাড়া বাংলাদেশ থেকে ওমরা হজ পালনে ভিসা বন্ধ থাকায় তা নিয়েও বৈঠকে আলোচনা হবে ইআরডির কর্মকর্তারা জানান।
প্রতিবেদনে আরো জানা যায়, একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। গত অর্থবছরে সৌদি আরব থেকে ৩৩৪ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছেন বাংলাদেশের প্রবাসীরা।
এছাড়া সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ঘাটতিতেও রয়েছে বাংলাদেশ। ২০১৩-১৪ অর্থ বছরে গার্মেন্ট বেবি ওয়্যার, প্যাকেটজাত দ্রব্য, প্রাণ, বিডি ফুট, টাটকা শাক-সবজি, মশলাসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে আয় করেছে ২১ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। সৌদি থেকে পেট্রোলিয়াম, প্লাস্টিক, রবার, ইউরিয়া সারসহ ৭৯ কোটি ১৩ লাখ মার্কিন ডলারের বিভিন্ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ।
ইআরডি‘র প্রতিবেদনে জানা যায়, অবকাঠামো উন্নয়ন, রাস্তা ও রেলওয়ে, সেচ ব্যবস্থা, গ্রামীণ বিদ্যুতায়ন, সার ও স্বাস্থ্য ইত্যাদি খাতের প্রকল্পগুলো অগ্রাধিকার দিয়ে ১৯৭৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১ হাজার ৭৫২ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার (১৭৫ কোটি ২৯ লাখ ডলার) বাংলাদেশকে সহায়তা দিয়েছে সৌদি সরকার।
বৈঠক উপলক্ষে মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছেছে ২৫ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের সৌদি প্রতিনিধি দল। বৈঠকে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সৌদি শ্রম উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহাদ, বাংলাদেশের পক্ষে থাকবেন  ইআরডি‘র সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন।
ইআরডির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসক ও গ্রাজুয়েট নার্সসহ দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়টিও প্রাধান্য পাবে।
এছাড়াও ব্যবসায়-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, ক্রীড়া ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি; বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি ও সৌদি আরব থেকে সার আমদানি বিষয়গুলো আলোচনায় উঠে আসবে।