অর্থনৈতিক প্রতিবেদক : প্রতি বছরের মতো এবারো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। আগামীকাল ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই মেলা চলবে।
মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি প্রফেসর ডা. আকবরউদ্দিন আহমেদ এ কথা জানান।
সংবাদ সম্মেলনে আকবর উদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘পর্যটন বছর ২০১৬’র অবতারনাপূর্বে এই বৃহৎ মেলা পর্যটন ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে।
তিনি জানান, তিন দিনব্যাপী এই মেলায় দেশি-বিদেশি শীর্ষস্থানীয় সকল ট্যুর অপারেটর, ট্র্যাভেল এজেন্ট, বিমান সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
আকবর জানান, মেলায় সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড দেখাতে হবে এবং সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল্য ২০ টাকা করে ধরা হয়েছে।
এছাড়া মেলায় দর্শকদের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বাস ২০ মিনিট পর পর ছাড়বে।
সংবাদ সম্মেলনে টোয়াবের সহ-সভাপতি মো. রাফেউজ্জামান, এস এম হাফিজুর রহমান, উপদেষ্টা শিবলুল আজম কোরেশী, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি প্রিয়ন্তীর সিইও মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

