অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে কম রাজস্ব আয় প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কর্মকর্তা রড রিগো পুবেরো।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। বৈঠকে রড রিগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
জিডিপি ৭ শতাংশে উন্নীত করতে হলে সরকারি ও বেসরকারি খাতে আরো বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করেন তিনি।
রড রিগো সাংবাদিকদের জানান, রাজস্ব আদায়ের দিক থেকে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এর পরিমাণ বাড়ানো গেলে জিডিপি বৃদ্ধি হবে।
রড রিগো বলেন, ‘বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে তাৎপর্যপূর্ণভাবে উন্নতি হয়েছে। এ দেশের অর্থনীতি চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বিশেষ করে, জিডিপির রেশিও অনুয়ায়ী রাজস্ব আয় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় খুবই কম।’
তিনি বলেন, ‘ভৌত অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও বাংলাদেশ সমপর্যায়ের অন্যান্য দেশের চেয়ে খারাপ অবস্থানে। বিশেষ করে জালানি ও যোগাযোগব্যবস্থা বিনিয়োগের জন্য প্রধান বাধা। তা ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এখনও উচ্চমাত্রার সুদ রয়েছে, যা দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে।’
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের দিক দিয়ে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে রড রিগো বলেন, ‘এসব সমস্যা সমাধানে আইএমএফ সরকারকে সহায়তা করতে প্রস্তুত। বিশেষ করে, পলিসি অ্যাডভাইস ও ক্যাপাসিটি বিল্ডিংয়ে।’

