অর্থনৈতিক প্রতিবেদক : দেশের পোশাকখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। পরিবেশ স্বাভাবিক থাকলে তারা এদেশে বিনিয়োগ করবে।
চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব টেক্সটাইল অ্যান্ড এপারেল (সিসিসিটি) এর প্রতিনিধি দল বিজিএমইএ নেতাদের সঙ্গে সাক্ষাতকালে এসব কথা জানিয়েছেন।
রোববার রাজধানীর কাওরান বাজার বিজিএমইএ ভবনে দুদেশের প্রতিনিধিদের সাক্ষাতকালে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সিসিসিটির ৩১ সদস্যদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছে সিসিসিটির ভাইস প্রেসিডেন্ট জেং জিয়াং।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, সিসিসিটি প্রতিনিধি দল দেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিজিএমই নেতাদের সঙ্গে আলোচনা করেছে। এসময় বিজিএমইএ নেতারা দেশে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ আছে বলে সিসিসিটি প্রতিনিধিদের জানিয়েছেন। এছাড়া, বাংলাদেশের পোশাকখাতে চীন বিনিয়োগ করবে বলেও আশ্বাস দিয়েছে সিসিসিটি প্রতিনিধি দল। একই সঙ্গে সিসিসিটি প্রতিনিধি দল দুদেশের পোশাকখাতের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির বলেন, ‘চায়না চেম্বারের প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তারা তৈরি পোশাকখাতের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বিজিএমইএর পক্ষ থেকে আমরা তাদের জানিয়েছি, এদেশে বিনিয়োগে অপার সম্ভাবনা ও সুষ্ঠু পরিবেশ আছে।’
প্রতিনিধি দলটি সাক্ষাতকালে বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান ও সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির এবং বিজিএমইএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

